পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ এপ্রিল: মুসলিম প্রসূতি মহিলার জীবন বাঁচাতে লকডাউনে ৪৫ কিলোমিটার বাইক চালিয়ে গঙ্গারামপুর গিয়ে রক্ত দিলেন বালুরঘাটের সহৃদয় শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা বিভাস দাস রবিবার অসুস্থ ওই মহিলার খবর পেয়েই নিজের মোটর বাইক চালিয়ে গঙ্গারামপুর ব্ল্যাড ব্যাঙ্কে গিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন।

জনাগেছে, তপন ব্লকের ফুলবাড়ির মালঞ্চা এলাকার বাসিন্দা মীর সেলিম রেজার স্ত্রী রফিকা পারভিন শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলাকালীন রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু বি নেগেটিভ রক্ত ব্ল্যাড ব্যাঙ্কেও অমিল থাকায় চরম সমস্যায় পড়েন অসহায় ওই মহিলার পরিবারের লোকেরা। এদিন দুপুরে এমন খবর পেতেই ওই প্রসূতি মহিলার জীবন বাঁচাতে বালুরঘাট থেকে নিজের মোটর বাইক চালিয়ে ৪৫ কিলোমিটার ছুটে যান বিভাসবাবু। স্বেচ্ছায় রক্ত দান করেন তিনি। রক্ত দিয়ে স্ত্রীর জীবন বাঁচানোয় শিক্ষক বিভাসবাবুকে বুকে টেনে নিয়েছেন অসুস্থ ওই মহিলার স্বামী মীর সেলিম রেজা।
বিভাস দাস জানিয়েছেন, তিনি মানুষের রক্তের প্রয়োজন হলেই ছুটে যান। এদিন খবর পেয়েই গঙ্গারামপুর ছুটে গিয়েছিলেন। লকডাউন থাকায় তাকে বাইক নিয়ে যেতে হয়েছে।

