সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ জুলাই: বাড়িতে টিউশানি পড়তে যাওয়া এক নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম অলীক বিশ্বাস। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ধৃত শিক্ষক অলীক বিশ্বাস বিবাহিত। গোপালনগর প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। জানুয়ারি মাস থেকে তাঁর বাড়িতে টিউশানি পড়তে যেত ওই ছাত্রী। তার অভিযোগ, তাকে প্রেমের জালে ফাঁসিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই শিক্ষক। তিনি যে বিবাহিত তা অস্বীকার করেন অলীকবাবু। টিউশনি পড়ানোর শেষে তাকে ফাঁকা ঘরে একা পেয়ে প্রায় ছয় মাস ধরে লাগাতার ধর্ষণ করত বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী জানতে পারে ওই শিক্ষকের স্ত্রী আছে। প্রতিবাদ করতে গেলে ফের তাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সমস্ত ঘটনা নির্যাতিতা ছাত্রী তার পরিবারকে জানালে গোপালনগর থানায় অলীকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে শিক্ষকের বিরুদ্ধে। ধৃত শিক্ষককে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর ঘটনার তদন্ত শুরু করেছেন।

