পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: কংগ্রেসের সর্ব ভারতীয় সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে আজ সারা দেশে কংগ্রেস কর্মীদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করে এবং মিছিলটি জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমীর রায়, প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ চ্যাটার্জি, জেলা নেতা সঞ্জীব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

