সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,ল ২২ জুলাই: পণ্য বোঝাই ট্রাক চালকদের হেনন্থা ও জোর করে তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল আঞ্চলিক পরিবহণ দফতরের আধিকারিকদের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ট্রাক চালকরা। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মাইলপোস্ট এলাকার বনগাঁ-চাকদা সড়ক অবরোধ করে ট্রাক চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় চালকরা।

চালকদের অভিযোগ, রাজ্য সহ ভিন রাজ্য থেকে বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক বনগাঁ হয়ে বাণিজ্যের জন্য বাংলাদেশে যায়। প্রতিদিনই প্রায় এক থেকে দেড় হাজার পণ্য রফতানির হয় বাংলাদেশে। সেই সব পণ্য বোঝাই ট্রাক দাঁড় করিয়ে জোর করে টাকা আদায় করছে আরটিও আধিকারিক। টাকা না দিলেই মারধর করে পণ্যের কাগজ সহ চালকদের লাইসেন্স ছিনিয়ে নিয়ে হেনন্থা করছে আরটিও আধিকারি এমনই অভিযোগ ট্রাক চালকদের। এর প্রতিবাদে বনগাঁ- চাকদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চালকরা।

তাঁদের দাবি, অবিলম্বে আরটিও আধিকারিকদের এই অত্যাচার বন্ধ করতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ট্রাক চালকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। অবরোধের ফলে বনগাঁ- চাকদা রোড়ে যানজটের সৃষ্টি হয়।

