আমাদের ভারত, কলকাতা, ২৭ জলাই: ‘হিন্দুবিরোধী ভণ্ডামি’র অভিযোগ এনে তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ বয়কট করার ডাক দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
অভিনেত্রী পার্নো মিত্র বুধবার টুইটারে লিখেছেন, “ধর্ম কি আমাদের পরিচয়? আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়! আসছে বহু প্রতিক্ষিত ছবি “ধর্মযুদ্ধ”, ১১ই আগস্ট, ২০২২ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।“ এই বার্তা যুক্ত করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, শুভশ্রী, সোহমের টুইটারে।
এই বার্তা যুক্ত করে তথাগতবাবু টুইটারেলিখেছেন, “আরে, ইনি ২০২১ বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন কামিনী, সরি প্রার্থী, ছিলেন না? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ, বেশ! সকলের কাছে আহবান জানাচ্ছি এই ভণ্ডামির সমুচিত উত্তর দিতে। বয়কট করুন ! হিন্দুবিরোধী ভণ্ডামি নিপাত যাক !”

