স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ জুলাই: লরি ও মারুতি ভ্যানের সংঘর্ষে আহত হলো ৯ ক্ষুদে পড়ুয়া সহ ১১জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চোপড়া থেকে একটি মারুতি ভ্যান ৯জন পড়ুয়াকে নিয়ে দার্জিলিং জেলার বিধানগরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল। মারুতি ভ্যানটি ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি লরির পেছন সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মারুতি গাড়িতে থাকা ৯জন পড়ুয়া সহ মোট ১১ জন আহত হয়।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার শব্দ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতদের মধ্যে চালক, কেয়ারটেকার সহ তিন ক্ষুদে পড়ুয়ার আঘাত গুরুতর হওয়ায় তাদের চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘাতক গাড়ি দুটিকে আটক করে চোপড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

