আমাদের ভারত, ২৭ জুলাই:
রানী মৌমাছি মধু সংগ্রহ করে না। রানী মৌমাছির মৌচাকে বসে থাকে মধু সংগ্রহ করে বেড়ায় বাকি মৌমাছিরা। রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় নাম না করেও মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ শোনালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার কুশমন্ডি বিধানসভা এলাকার শতাব্দী প্রাচীন টাঙ্গন নদীর ধারে নড়বড়িয়া শিবমন্দিরে যান বিজেপি রাজ্য সভাপতি। সেখানে শিবের মাথায় জল ঢালেন তিনি। পুজো দেওয়ার পর সুকান্ত বলেন, “পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার কামনায় শিবের মাথায় জল ঢেলে গেলাম।” নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এত বড় কেলেঙ্কারির সঙ্গে শুধু শিক্ষামন্ত্রী যুক্ত এটা কখনোই হতে পারে না। এর সঙ্গে একাধিক মাথাযুক্ত আছে।”
কটাক্ষের সুরে সুকান্ত মজুমদার বলেন, “মৌচাকে রানী মৌমাছি কোনওদিন মধু সংগ্রহ করতে বাইরে যায় না। বাকি মৌমাছিরা বন জঙ্গল থেকে মধু সংগ্রহ করে। ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী কীভাবে টাকা আত্মসাৎ করেছেন পুরো বিষয়টাই মুখ্যমন্ত্রী জানেন। কোনোভাবেই তিনি এই দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না। ” তাঁর দাবি এই সমস্ত দুর্নীতির দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে।

