Sukanta, BJP, Taslima, যারা কথায় কথায় মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, সেই বাম আমলেই কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা, সরব সুকান্ত

আমাদের ভারত, ১৫ জুলাই: প্রায় কুড়ি বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন বাংলাদেশের নির্বাচিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর এই সফর ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যে বামপন্থীরা কথায় কথায় মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তাদের আমলেই লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল।

সুকান্ত মজুমদার বলেন, একসময় পশ্চিমবঙ্গ থেকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল। সরকারে তখন ছিল বামপন্থীরা। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। বামেদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যারা কথায় কথায় মত প্রকাশের স্বাধীনতা থাকার কথা বলেন, তাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের হিন্দু ধর্মকে সমালোচনা করে লেখা মা সীতা বা মা সরস্বতীকে নিয়ে বিশেষ ইঙ্গিতপূর্ণ লেখায় অসুবিধা হতো না। কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে তাদের অসুবিধা হতো। তাঁর কথায়, একদল ধর্মীয় উন্মাদ, যারা রাস্তায় নেমে সেই সময় ভাঙ্গচুর করেছিল, তাদের বিরুদ্ধে পুলিশি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে তাসলিমা নাসরিনকে এই পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কিন্তু আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। বিজেপি এই এক চোখামোতে বিশ্বাসী নয়। ফেক সেকুলারিজমে বিশ্বাস করে না বিজেপি। সেই জন্য তাসলিমা নাসরিন আসছেন। তিনি তাঁর কাজ করবেন। মত প্রকাশের স্বাধীনতা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের থাকে, তাহলে তাসলিমা নাসরিনেরও আছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর কলকাতায় পা রাখছেন তাসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন। তারপর থেকে দু’ দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন। দু’ দশক পর তাঁর প্রত্যাবর্তন সাংস্কৃতির রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।

২০২৫- এ তসলিমা নাসরিন’কে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সংসদ শমিক ভট্টাচার্য। বাংলাদেশি সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়া তাসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি, কিন্তু পরে কলকাতা থেকে বিতাড়িত করা হয় তাঁকে। এবার পালাবদলের পর, কুড়ি বছর পর রাজ্যে ফিরছেন বাংলাদেশের সাহিত্যিক বাঙালির অন্যতম প্রিয় লেখিকা তাসলিমা নাসরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *