পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর দুর্দান্ত ফুটবলীয় নৈপুণ্যের সাক্ষী থাকল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের “শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গন”। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামল ২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর।

চূড়ান্ত লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। ফাইনালে লড়াই করে রানার্স- আপের সম্মান অর্জন করে মেদিনীপুর কলেজ (অটোনোমাস)।
ফাইনাল ঘিরে ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আবহ। প্রতিযোগিতার শেষ দিনে খেলোয়াড়দের দুরন্ত লড়াই, দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠের উত্তেজনায় মুখর হয়ে ওঠে শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গন।

ফাইনাল শেষে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। তাঁর উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্স- আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রাখে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
বেস্ট প্লেয়ারের শিরোপা পান ইন্দ্রনীল টুডু, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। সেরা গোলকিপার হন সন্দীপ কুমার সাউ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।

অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারের সম্মানও নিজেদের ঘরে তুলে নিল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির তরুণ খেলোয়াড়দের প্রতিভা, শৃঙ্খলা, দলগত সংহতি ও ক্রীড়াসুলভ মানসিকতার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল।

