আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: কলকাতা সহ রাজ্যের মোট ৭টি পুরসভায় নির্বাচন করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেই অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণ এবং ডিসেম্বরে শুরুতেই ফল ঘোষণার প্রাথমিক রূপরেখা প্রস্তুত করা হয়েছে।
প্রথম দফায় যে সাতটি পুরসভায় ভোট করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি হলো কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং। এই সবকটি পৌরসভা মিলিয়ে ৬৩০১টি বুথে ভোট নেওয়া হবে। প্রশাসনিকভাবে তার তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
শুক্রবার নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত খসড়া তৈরি করতে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা। এছাড়া আগামী সপ্তাহ থেকে জেলাগুলিতে ইভিএম পাঠাতেও শুরু করবে কমিশন। বর্তমানে রাজ্যের ১২টি জেলার অন্তত ১৫টি পুরসভায় কোনো নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসকদের মাধ্যমে আপাতত নাগরিক পরিষেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে নজির বিহীন পরিস্থিতি হাওড়া পুরসভায়। যেখানে গত ১৩ বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাওড়ায় শেষ পুরভোট হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালের মেয়াদ শেষ হবার পর থেকে সেখানে নির্বাচিত বোর্ড নেই।
রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া পুরো ভোট দ্রুত সেরে ফেলার পক্ষে কড়া বার্তা দিয়েছিলেন। এরপরই নবান্নে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘদিন ধরে আটকে থাকা পুরভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন।
হাওড়া ছাড়াও দুর্গাপুর, ডোমকল, রায়গঞ্জ, বুনিয়াদপুর, পূজালী, মিরিক, পাঁশকুড়া, কুপার্স ক্যাম্প, নলহাটির মতো যে সব গুরুত্বপূর্ণ পুরসভায় দীর্ঘদিন নির্বাচন বকেয়া রয়েছে। সেগুলোর অধিকাংশতেই শেষবার ভোট হয়েছিল ২০১৭ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বহু পুরবোর্ডে অচল হয়ে পড়েছিল। কোথাও কোথাও বোর্ড ভেঙ্গে যায়। ফলে সাধারণ নাগরিক পরিষেবায় চরম ঘাটতি দেখা দিচ্ছিল।
পরিস্থিতি আরও জটিল করছে আগামী বছরের হিসাব, কারণ নতুন বছরে শুরুতেই রাজ্যের আরো ১১২টি পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে। বকেয়া ও মেয়াদ উত্তীর্ণ হতে চলা মিলিয়ে আগামী ৯ মাসের মধ্যে মোট ১২৭টি পুরসভায় সফল ভাবে নির্বাচন সম্পন্ন করাই এখন নবান্ন ও নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

