Kharagpur, Cash, Gold, খড়্গপুর স্টেশন থেকে বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধার, আটক যাত্রী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ সেপ্টেম্বর: খড়্গপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা ও গয়না- সহ এক যাত্রীকে আটক করেছে খড়্গপুর জিআরপিএস। আটক ব্যক্তির নাম অনাদি বিশ্বাস (৫৩)। তিনি কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্বলপুর থেকে হাওড়াগামী ট্রেনে যাত্রা করার সময় খড়্গপুর রেলওয়ে স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে আটক করা হয়। তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান সামগ্রীর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সেগুলি জব্দ করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, যথাযথ e-Sakshya ভিডিওগ্রাফির মাধ্যমে জব্দ করা সামগ্রীর তালিকায় রয়েছে ৩১ লক্ষ ১০ হাজার নগদ টাকা, যা ৫০০, ২০০ ও ১০০ মূল্যের নোটে ছিল। এছাড়াও প্রায় ১২২.৭৪ গ্রাম সোনা ও সোনাসদৃশ সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯৮.৫৪০ গ্রাম খাঁটি সোনা এবং ২৪.২০০ গ্রাম সোনাসদৃশ সামগ্রী রয়েছে।

এছাড়াও উদ্ধার হয়েছে ৩টি হীরের পেনডেন্ট, বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি, একটি Apple iPhone 15 এবং একটি Nokia কীপ্যাড মোবাইল ফোন। যাচাইয়ের জন্য একাধিক ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও জব্দ করা হয়েছে।

ঘটনার পর উদ্ধার হওয়া নগদ টাকা, সোনা, গয়না ও অন্যান্য সামগ্রীর উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের প্রাসঙ্গিক ধারায় নির্দিষ্ট মামলা রুজুর প্রক্রিয়াও শুরু হয়েছে।

তদন্তের মাধ্যমে জব্দ করা সামগ্রীর উৎস এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *