জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: আগামী প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে অনুষ্ঠিত কুচকাওয়াজে ফিউশন বিভাগে বাংলা থেকে একমাত্র দল হিসেবে অংশ নিচ্ছে পশ্চিম মেদিনীপুরের নৃত্যসংস্থা তালম। কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং রক্ষামন্ত্রক “বন্দে ভারতম” নামে দেশ ব্যাপী একটি নৃত্য প্রতিযোগীতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতাতে ফিউশন বিভাগে জেলা থেকে রাজ্য ও পরে পূর্বাঞ্চলে ধাপে ধাপে উত্তরণের পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর সামনে নৃত্য প্রদর্শনের সুযোগ পেয়েছে মেদিনীপুরের এই নৃত্য সংস্থা।

সংস্থার প্রধান রাজীব খান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা” গানে নৃত্য প্রদর্শন করে তাঁরা পূর্বাঞ্চলের সেরা দল হিসাবে নির্বাচিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর দিল্লিতে সারা ভারতের বাছাই করা ৭১টি নৃত্য দলের মধ্য থেকে ২৫ টি দল সুযোগ পায়। ফিউশন বিভাগে এটিই পূর্বাঞ্চলের রাজ্য গুলি থেকে নির্বাচিত একমাত্র দল যারা প্রজাতন্ত্র দিবসে দিল্লির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে।

