ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার শপথ নিচ্ছে স্কুলের ছাত্ররা, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: স্কুলে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ করা হচ্ছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদর্শন নিউজ ও ওই সংবাদ সংস্থার এডিটর ইন চিফ সুরেশ চাভাঙ্কে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করেছেন।

২৯ ডিসেম্বর স্কুল পড়ুয়াদের শপথ গ্রহণের একটি ভিডিও পোস্ট করেছেন চাভাঙ্কে, যাতে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি স্কুলের ছাত্ররা ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ করছে। শপথে তারা বলছে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার জন্য লড়াই করতে হবে। প্রয়োজনে প্রাণ দিতে ও নিতে হবে। যেমন করেই হোক ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে হবে।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর সুদর্শন নিউজ উত্তরপ্রদেশের রুপাইডিহা ও নাগপুরেও এই ধরনের শপথগ্রহণের আরো দুটি ভিডিও শেয়ার করেছে।

অন্যদিকে দিল্লিতে ১৯ ডিসেম্বর হিন্দু যুব বাহিনী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে চাভাঙ্কা নিজেই ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ করেছিলেন। সামনে এসেছে সেই ভিডিওটিও। সেখানে শপথগ্রহণকারীদের বলতে শোনা গেছে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সর্বদা কাজ করব। আমরা এর জন্য লড়াই করব, প্রয়োজনে নিজেরা প্রাণ দেবো বা প্রাণ নেবো। আমাদের কুলদেবতা, পূর্বপুরুষ, শিক্ষক, ভারতমাতা, তার জন্য আমাদের যেন শক্তি দেন।

উত্তরপ্রদেশের স্কুল ছাত্রদের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সোনভদ্র জেলার নেহেরু পার্ক স্কুলের বলে জানা গেছে। ভিডিওটিতে স্কুল চলাকালীনই পড়ুয়ারা ইউনিফর্ম পড়ে স্কুলের মাঠে জড়ো হয়ে ভারতকে হিন্দুরাষ্ট্র হিসাবে তৈরি করার শপথ গ্রহণ করছে। পড়ুয়াদের সাথে তাদের বাবা-মাকেও এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। অভিভাবকরাও ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে তৈরি করার শপথ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *