গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ ডিসেম্বর: গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ঝাড়গ্রামে। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার কামারবাঁধি গ্রামে।গণপিটুনির খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আজ সকালের পর তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

জানাগেছে, বুধবার রাত ৩ টে নাগাদ কামারবাঁধি গ্রামের কৃষ্ণ মাহাতোর গোয়ালে আওয়াজ পান পরিবারের সদস্যরা। বুঝতে পারে গোয়ালে কেউ একজন রয়েছে। এরপরই কৃষ্ণ মোবাইল ফোন থেকে বিষয়টি জানায় প্রতিবেশীদের। মুহূর্তের মধ্যে ফোনে ফোনে খবর ছড়িয়ে পড়ায় সবাই কৃষ্ণ মাহাতোর বাড়ির দিকে আসতে শুরু করে। লোকজনের আওয়াজ পেয়ে গোয়াল থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি, কিন্তু গ্রামবাসীরা তাকে তাড়া করে ধরে ফেলে।” টের পেয়েই তাঁর সঙ্গীরা দূরে দাঁড় করানো একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। অন্ধকার অচেনা রাস্তায় পালাতে না পেরে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। তাকে বেঁধে চলে মারধর। মারধরের ঘটনা প্রায় সাড়ে ৩টে নাগাদ শুরু হয়।

সিভিক ভলান্টিয়ার মারফৎ ঝাড়গ্রাম থানায় খবর পৌঁছায় ভোর ৫টা নাগাদ। পুলিশ ওই ব্যক্তিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করে বাড়ির মালিক কৃষ্ণকান্ত সহ ২ জনকে আটক করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *