স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জুন: কাজ করার নাম করে নিয়ে গিয়ে মুক্তিপণ চাইলেন দুষ্কৃতীরা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায়। ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রীয় বলে অভিযোগ উঠেছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রায়গঞ্জ থানার ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায় ভ্যানের উপরে রতন সরকার, কাঙ্গাল হালদার, স্বপন দে ও রাজেন মন্ডল
বসেছিলেন। সেই সময় আচমকাই একটি গাড়ি এসে তাদেরকে বলে রুপাহারে আমের গাড়ি আনলোড করতে হবে। সেই মতো তারা গাড়িতে উঠে যায়। রুপাহার পার হয়ে যাওয়ায় তাদের মনে সন্দেহ জাগে। তারপরে গাড়িটি নন্দনগ্রামে পৌছলে স্বপন দে গাড়ির থেকে লাফিয়ে নিচে নামেন। পরে রতন সরকার ও কাঙ্গাল হালদার পতিরাজপুরে এলাকায় গাড়ির থেকে লাফিয়ে নিচে নামেন। কিন্তু রাজেন মন্ডল গাড়ির থেকে লাফ দিতে না পারায় তাকে নিয়ে চলে যায় গাড়িটি। তার পরে শনিবার সকালে রাজেন মন্ডলের ছেলে শম্ভু মন্ডলকে এই ৭৬৯৯৪০৪৭৬৭ নম্বর থেকে ফোন করে রাজেন মন্ডলের মুক্তিপণের জন্য ১ লক্ষ টাকা চায়। টাকাটা মালদা জেলার কালিয়াচকে নিয়ে আসতে বলে। টাকা না দিলে তার বাবাকে ছাড়বে না বলে জানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রাজেন মন্ডলের ছেলে শম্ভু মন্ডল রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপহৃত রাজেন মন্ডলের ছেলে শম্ভু মন্ডল জানিয়েছেন, ফোন করে ১ লক্ষ টাকা চাইছে আমরা কোথা থেকে দেব। বাবা ভ্যান চালক আর আমি ফলের ব্যবসা করি এত টাকা কোথা থেকে দেব। পুলিশকে জানিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, রতন সরকার জানিয়েছেন, আমরা ভ্যান চালক আমরা গাড়ি লোড ও আনলোড করি। আমাকে বলে আমের গাড়ি আনলোড করতে হবে বলে আমরা গিয়েছি। কিন্তু আমাদের একজনকে ওরা আটকে রেখেছে তাকে যেন ছেড়ে দেয় বলে জানান রতনবাবু।
অপরদিকে, অপহৃত রাজেন মন্ডলের পুত্রবধূ গীতা মন্ডল জানিয়েছেন, অভিযোগ পত্রের রিসিভ কপি রায়গঞ্জ থানা থেকে দেয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও রায়গঞ্জ থানার আইসির দেখা পাননি তারা। পুলিশ খোঁজ খবর এখনও পর্যন্ত৷ নেয় নি। আদৌ তদন্ত শুরু করেছে কিনা কিছুই তাদের জানা নেই বলে অভিযোগ তার।

