আমাদের ভারতের জলপাইগুড়ি, ২৫ জুন: জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত। শনিবার কলেজের সামনে প্রাক্তনীরা জমায়েত হলেন। কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের উদ্দেশে অধ্যক্ষ খারাপ ব্যবহার ও কুরুচিকর মন্তব্য করছেন বলে অভিযোগ। শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে ঐতিহ্যবাহী কলেজের সুনাম আজ তলানিতে পৌঁছে গিয়েছে বলে দাবি প্রাক্তনীদের৷
আগেই শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমে অধ্যক্ষের অপসারণের দাবি তুলেছিলেন৷ ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ এক শিক্ষক ও দুই শিক্ষিকাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এরই মধ্যে প্রাক্তনীরাও এদিন একজোট হয়ে অধ্যক্ষের অপসারণের দাবি তুললেন। কলেজের গেটে জমায়েত হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তনীরা।
কলেজের এক প্রাক্তন ছাত্র স্বপন সরকার বলেন, “কলেজ যেরকম আছে সেরকমই রয়েছে। শুধু রঙ করা হয়েছে। ছাত্রীদের জন্য আলাদা শৌগাচার নেই। এতদিন এক কলেজে একজন অধ্যক্ষ কিভাবে কাজ করেন। আমরা এই অধ্যক্ষের পদত্যাগ ও অপসারার চাইছি।”
আন্দোলনে সামিল হয়েছিলেন আরও এক প্রাক্তন ছাত্র অজয় সাহা। তিনি বলেন, “কলেজের শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করা হচ্ছে। আমরা প্রাক্তনীরা জমায়েত হলাম। স্যোশাল মিডিয়ার গ্রুপ করা হল প্রাক্তনীদের নিয়ে। আমরা আন্দোলনে জারি রেখেছি। প্রশাসনকে সময় দেওয়া হচ্ছে এই অধ্যক্ষকে অপসারের জন্য। এরপর কাজ না হলে আমরা আবার আন্দোলনে নামবো।”
কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

