মানুষের সৌভাগ্যের চাবি ফেরি করলেও আজও নিজের ভাগ্য ফেরাতে ব্যর্থ তাজমূল

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ এপ্রিল: কথায় বলে ঘোড়ার নালে লুকিয়ে আছে সৌভাগ্যের চাবিকাঠি। আর সেই সৌভাগ্যের প্রতীক ঘোড়ার নাল ও তার আংটি বিক্রি করেই বহুবছর ধরে নিজের ভাগ্যান্বেষণে রত তাজমুল আলী খান। আদতে হুগলী জেলার গোঘাট থানার বাসিন্দা তাজমুল ঘোড়ার গাড়িতে করে ফেরি করে বেড়ান ঘোড়ার নাল ও আংটি। রাজ্যের বিভিন্ম প্রান্ত ঘুরে বর্তমানে তার দেখা মিলছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাসস্ট্যান্ড চত্বরে।

লোকশ্রুতি অনুযায়ী সংসারের অর্থনৈতিক হাল ফেরাতে কিংবা নিজের ভাগ্যের চাকা ঘোরাতে ঘোড়ার নাল বা আংটির কদর বহুজনবিদিত। সৌভাগ্যের প্রতীক হিসেবে বাড়ির সদর দরজায় লাগানো হয় ঘোড়ার নাল। নেতিবাচক শক্তিকে রুখে সৌভাগ্য আনবার লক্ষ্যে অনেকেই ঘোড়ার আংটি, নাল কিনতে ভিড় জমান তাজমুলের গাড়ির সামনে। সারাদিন বিক্রি করে আহামরি তেমন রোজগারপাতি হয় না তার। এরমধ্যে রয়েছে ঘোড়া প্রতিপালন ও সংসার খরচ। ফলে সবাইকে সৌভাগ্যর টোটকা বিক্রি করলেও নিজের ক্ষেত্রে তা একপ্রকার অধরাই তাজমুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *