স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭
মে: গোপন সূত্রে খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ একটি গাড়িকে আটক করে উদ্ধার করে দেশি পিস্তল সহ দু’ রাউন্ড গুলি। গ্রেপ্তার হয় ৪ জন।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে মাল টানা একটি সাদা গাড়ি শনিবার রাতে রানাঘাট থেকে বিননগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অভিযোগ ছিল ওই গাড়ির মধ্যে তিন থেকে চারজন ছেলে আগ্নেয়াস্ত্র সমেত আনন্দনগরের তাহেরপুর থানার কোনো একটা জায়গায় অপরাধ মূলক কাজ করতে যাচ্ছে।

ঘটনার খবর পাওয়া মাত্র তাহেরপুর থানার বড়বাবু জয় দাস সহ তিনজন অফিসার পুলিশ ফোর্স নিয়ে বিননগর বড় বাজারে গাড়িটিকে আটক করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, গাড়ির পেছনের ডালার কাছে দুটো ছেলে বসেছিল যাদের একজনের কাছ থেকে দেশি পিস্তল এবং আরেকজনের কাছ থেকে দু’ রাউন্ড গুলি পাওয়া গেছে। এই ঘটনায় মোট চারজন অসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এই আসামীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করে কেস শুরু করা হয়েছে।

