Education, BJP, শিক্ষায় পাশ ফেল ফিরছে! রাজ্যের শিক্ষানীতিতে বড়সড় বদলের ইঙ্গিত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের

আমাদের ভারত, ১৭মে: রাজ্য সরকার পরিবর্তনের পর এবার শিক্ষা ব্যবস্থাতেও বড়সড় বদলের ইঙ্গিত মিলল। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ ফেল চালু হতে পারে বলে শোনা যাচ্ছে রাজনৈতিক তথা শিক্ষা মহলে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সম্প্রতি মন্তব্যে সেই সম্ভাবনাই উঁকি দিয়েছে।

কেন্দ্র ইতিমধ্যেই শিক্ষার অধিকার আইনে সংশোধন এনে পাশ ফেল প্রথা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।এবার বাংলাতেও সেই নীতি কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

গত বছর ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হবে। দীর্ঘদিন ধরে চালু থাকা নো ডিটেনশন পলিসি বা পাশ- ফেল হীন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

নতুন নিয়ম অনুযায়ী কোনো পড়ুয়া প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তারপরেও পাস করতে না পারলে সে পড়ুয়াকে একই শ্রেণি থেকে পুনরায় পড়াশোনা করতে হবে।যদিও বাংলায় এতদিন এই নীতি কার্যকর হয়নি।

তবে রাজ্য রাজনৈতিক পালা- বদলের পর এবার সেই নীতি চালু হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করেছেন শঙ্কর ঘোষ ও স্বপন দাশগুপ্ত।

এ প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, দলের যারা বিধায়ক হিসেবে জিতেছেন তাদের মধ্যে অনেকেই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। মানুষ কী চাইছে সেটা আমরা জানি। সমস্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

যদিও সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও শঙ্কর ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট যে শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে রাজ্য সরকার। বিশেষ করে পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ণ ব্যবস্থাকে আরো কঠোর করা হবে বলেই ধারণা অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *