জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন:
ফি মকুবের দাবিতে বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে অনশন কর্মসূচি পালন করল ছাত্রছাত্রীরা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, এমনিতেই করোনা পরিস্থিতির জেরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। তার উপর ঘূর্ণিঝড় যসের জেরে বহু চাষি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের বাড়ির ছেলেমেয়েদের ১১ থেকে ১৫ হাজার টাকা করে ফি দিয়ে পড়াশোনা করার সামর্থ্য নেই। তাই সেই সব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ফি মকুবের দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও রকম সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে। ছাত্রছাত্রীদের দাবি না মানা হলে আগামী দিনে লাগাতার অনশন শুরু করবে ছাত্রছাত্রীরা বলেও জানিয়েছেন।

