আমাদের ভারত, মালদা, ২ জুন: গ্রামীণ এলাকার করোনা সংক্রামিত রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে সুজাপুর গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল। আর এই নতুন কোভিড হাসপাতালটির উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন এবং পুরো ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার মালদার কালিয়াচকে উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতের পরিবারের এবং আহতদের আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়ার জন্য এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই সহযোগিতা তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই কর্মসূচি শেষ করে কালিয়াচক ১ ব্লকের সুজাপুর গ্রামীণ হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই নতুন করে নতুন কোভিড হাসপাতালের উদ্বোধন করেন তিনি। করোনা সংক্রমনের মধ্যে সুজাপুরের মত গ্রামীণ এলাকার অসুস্থ রোগীদের হঠাৎ করে ছুটে যেতে হবে না মালদা মেডিকেল কলেজে। সেদিকে লক্ষ্য রেখে নতুন এই কোভিড হাসপাতালটি চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এই বিভাগটি চালু হওয়ায় অনেকটাই করোনা আক্রান্ত রোগীদের সুবিধা করে দেবে বলেও জানিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। নতুন করে ৪৫ বেডের সুজাপুর গ্রামীণ হাসপাতালে কোভিড হাসপাতালটি চালু করা হল। সেখানকার মাতৃমা বিভাগককে কোভিড হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার দুপুরে সুজাপুরের নতুন কোভিড হাসপাতালটির উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, তৃণমূল সাংসদ মৌসুম নূর সহ অন্যান্য পদস্থ কর্তারা।
রাজ্যের পুরো নগরন্নোয়ন দপ্তর এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সুজাপুরে কোভিড হাসপাতালটি এদিন উদ্বোধনের পর থেকেই চালু করা হল। অক্সিজেনের সরবরাহ থাকবে এখানে। তবে খুব আশঙ্কাজনক রোগীদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেই স্থানান্তর করা হবে। আপাতত প্রাথমিকভাবে যারা এই সংক্রমণে আক্রান্ত হবেন তারা অনায়াসে এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা পরিষেবা পাবেন।

