আমাদের ভারত, বাঁকুড়া, ২২ আগস্ট: চিনির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে বিপাকে মিষ্টি ব্যবসায়ীরা।গ্যাস, তেল ও বনস্পতির অগ্নিমূল্যের পর এবার চিনি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিষ্টি শিল্পে।ইতিমধ্যেই খুচরো বাজারে চিনি ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ৬,৮০০ টাকা কুইন্টাল। অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে তাতে মিষ্টির দাম বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। অন্যদিকে মিষ্টি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ চিনির মূল্যবৃদ্ধির কারণে। নিরুপায় হয়ে মিষ্টির দাম বাড়ালে ক্রেতাদের উপর চাপ বাড়বে, অনেকেই বিমুখ হবেন, অর্থাৎ বেচাকেনা কমবে।
পশ্চিমবঙ্গ মিষ্টি ব্যবসায়ী সমিতির বাঁকুড়া শাখার সম্পাদক জয়দেব চক্রবর্তী বলেন, যে হারে চিনির দাম বাড়ছে তাতে মিষ্টি শিল্প খুব চাপে। বাঁকুড়া শহরেই একশোর বেশি মিষ্টির দোকান রয়েছে, সারা জেলায় হাজার ছাড়িয়ে যাবে। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার পরিবার জড়িত। সবাই অজানা আশঙ্কায় ভুগছেন। চিনির দাম বৃদ্ধিতে সরকারের ভূমিকায় মিষ্টি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অসন্তুষ্ট। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লুঠছে, মজুত রেখে বাজারে অভাব সৃষ্টি করা হচ্ছে, সরকারের সেদিকে নজর নেই।

