Suvendu, BJP, রিল ও মিডিয়া ট্রায়ালে শুভেন্দুর মাথা নোয়ানো যাবে না, প্রকৃত প্রাপকরা বাদ যাবেন না, অন্নপূর্ণাদের ভরসা দিলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ২২ আগস্ট: অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একের পর প্রতিবাদের চিত্র উঠে আসছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তাল হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সোশ্যাল মিডিয়া খুললেই এখন এটাই হট টপিক। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাস্তাঘাটে চলছে জোর চর্চা। আর এই আবহে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আসরে নেমেছে বিরোধীরাও। আজ তাদের উদ্দেশ্যে শুভেন্দুর পরিষ্কার হুঁশিয়ারি, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ নেই। তৃণমূলের বুদ্ধির কাছে শুভেন্দু অধিকারী মাথা নত করবেন না বলেও হুঙ্কার মুখ্যমন্ত্রীর।

দিকে দিকে অন্নপূর্ণা ভাণ্ডাদের টাকা না পাওয়া নিয়ে যে ক্ষোভের চিত্র উঠে আসছে তা প্রশমনে রাজ্য সরকার যে সদা তৎপর, এদিন ভবানীপুরে দাঁড়িয়ে আরো একবার সে কথা জোরদার ভাবে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জুনে ২৮ লক্ষ মা বোনেদের টাকা দিয়েছি। জুলাইতে অন্নপূর্ণার টাকা পেয়েছে ১ কোটি ১৯ লক্ষ মহিলা। আগস্টে ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যারা এই ভাতার উপর নির্ভর করেন, যারা প্রকৃত হকদার এমন আরো ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলাদের জন্য টাকা লাগলে আমি দেওয়ার ব্যবস্থা করব। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।

শুভেন্দু অধিকারী আরও বলেন, বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার যারা করছে, আমি তাদের বলবো বিচলিত হবেন না, মাত্র ৫০০ টাকা দিতে ২০২১ সালে কতদিন সময় নিয়েছিল মনে আছে তো? বেছে বেছে বিজেপি মহিলাদের বাদ দেওয়া হয়েছিল। যারা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন এই সরকার তাদের অগ্রাধিকার দেবে। আর্থিকভাবে দুর্বলদের অগ্রাধিকার দেওয়া হবে। অনুগ্রহ করে মিডিয়ায় দাঁড়িয়ে লেকচার দেবেন না। শুভেন্দু অধিকারী মাথা নত করার মানুষ নয়।

তিনি আশ্বাস দেন, ৩১ জুলাই এর মধ্যে আবেদন করা আরো যারা যোগ্য আছেন একজন যোগ্যও অন্নপূর্ণার টাকা পেতে বাকি থাকবেন না। তিনি বলেন, ভাই শুভেন্দুর উপর বিশ্বাস ও ভরসা রাখুন। তিনি জানান, তাঁর বিধানসভা এলাকায় ভবানীপুরে শুধু ১৭ হাজার যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন।

এদিন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিনেই পশ্চিমবঙ্গে পালন হবে অন্নপূর্ণা দিবস। জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করার কথা আগাম জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *