Suvendu, Modi, BJP, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হবার পর দিল্লি সফরে একাধিক হাই- ভোল্টেজ সাক্ষাৎ

আমাদের ভারত, ২২ মে: মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল তাঁর। বিকেলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর হাতে বন্দে মাতরমের শ্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দেন তিনি।

গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই বিদেশ সফরে চলে গিয়েছিলেন মোদী। দেশে ফেরার পরেই তাঁর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে রীতি অনুযায়ী দলের কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নিজের রাজ্যের দাবি দাওয়া তাঁর কাছে তুলে ধরেন। মনে করা হচ্ছে সেই রীতি মেনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নতুন মুখ্যমন্ত্রী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন শুভেন্দুবাবু। উপরাষ্ট্রপতি ও বিজেপির সর্বভারতীয় সভাপতির নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র সঙ্গে সাক্ষাৎ করেন। দু’দিন আগেই বিএসএফ’কে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য দীর্ঘ ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত বা বিএসএফ সংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তবে এর সঙ্গে জড়িত দেশের প্রতিরক্ষা মন্ত্রকও। জানা যাচ্ছে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টি নিয়ে যেমন অমিত শাহর সঙ্গে কথা হয়েছে, তেমনি রাজনাথ সিং- এর সঙ্গে আলোচনা করে থাকতে পারেন শুভেন্দু অধিকারী। কেবল তাই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি আলোচনা হয়ে থাকতে পারে।

পালাবদলের পর থেকে শুভেন্দু সরকার বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। নির্বাচনী প্রচারে এসে মোদীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্যে নতুন বিজেপি সরকার। মনে করা হচ্ছে, নতুন সরকার এখনো পর্যন্ত কী কী কাজ করেছে তার হিসেবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *