সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ মে: জয়পুরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার কোতুলপুরের প্রাক্তন বিধায়ক হরকালী প্রতিহারের ভাই মৃত্যুঞ্জয় প্রতিহার। আজ তাকে বিষ্ণুপুর আদালতে পেশ করা হয়।
ভোটের পরদিন জয়পুরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জকির খানের উপর অতর্কিতে হামলা হয়। দলীয় কাজে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রভাবশালী এই নেতা নিজ এলাকায় প্রহৃত হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় অভিযোগের তির বিজেপির দিকে গেলেও ওই হামলা যে তৃণমূলের দলীয় কোন্দলের পরিণতি তা নিয়ে পরবর্তীতে
কানাঘুষো চলতে থাকে।পুলিশি অনুসন্ধানে ঘটনায় বিধায়কের ভাই জড়িত বলে জানতে পারে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হরকালী প্রতিহার ২০২১ সালে বিজেপির বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবারও তিনি তৃণমূল প্রার্থী হিসাবে কোতুলপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

