গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২১ মে:
তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন এলাকা থেকে হাত কামান ও মাটি খুঁড়ে উদ্ধার বারুদভর্তি বস্তা। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার পশ্চিমপাড়া পঞ্চায়েতের ঝরিয়ায়। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
জানা গেছে, গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খানের বাড়ির কিছুটা দূরত্বে তিনটি হাত কামান উদ্ধার করছে গোঘাট থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের পাশেই মাটি খুঁড়ে বারুদ ভর্তি বস্তা উদ্ধার হয়। পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়। অস্ত্র ও বারুদ উদ্ধারের খবর পেয়ে এলাকার মানুষ সেখানে ভিড় জমেছিল চোখে পড়ার মতো। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই তৃণমূল এইসব অস্ত্রসস্ত্র মজুত করে রেখেছে। এলাকার দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। যদিও এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

