সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মে: জ্বালানি তেলের খরচ কমাতে বাঁকুড়া জেলা প্রসাশন নজির গড়লেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে আজ বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা বাসে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দুর্গাপুর রওনা দিলেন।জ্বালানি তেলের খরচ কমাতে জেলা প্রশাসন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল।
আমেরিকা- ইরাক যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহে সঙ্কট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তার প্রভাব পড়েছে ভারতেও। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সরকারি কাজে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছেন। দেশবাসীকে তিনি জ্বালানি সাশ্রয় করার আহ্বান জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে সরকারি কাজে জ্বালানি সাশ্রয়ে জোর দিয়েছেন। আজ দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পাঁচটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও বীরভূমের জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন।সেই বৈঠকে যোগ দিতে আজ জেলা শাসক, পুলিশ সুপার সহ জেলার পদস্থ আধিকারিকরা নিজ নিজ গাড়ি ব্যবহার না করে একটি বাসে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

