কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: সবং বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বড় পদক্ষেপ করলো পুলিশ। প্রাক্তন বিধায়ক মানস রঞ্জন ভুঁইঞার ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা সবং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্রকে গ্রেপ্তার করেছে সবং থানার পুলিশ। ধৃতকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবং’য়ের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয়। অভিযোগ, ওই সময় তৃণমূল নেতা তরুণ মিশ্রের নেতৃত্বে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙ্গচুর, মারধর এবং হুমকির ঘটনা ঘটে। দীর্ঘদিন পর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পদক্ষেপ করলো পুলিশ।
এ প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি জানান, “২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশের পর ভেমুয়া এলাকায় বিজেপি কর্মীদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছিল। বহু বাড়িঘর ভাঙ্গচুর করা হয়, কর্মীদের মারধর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অবশেষে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি।”
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

