আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুলাই: ৫ জুলাই বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে মিছিল, শ্রদ্ধার্ঘ্য ও শোকসভা। পরিবারের দাবি, এসআইটি গঠন করে পুর্নতদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তর ২৪ পরগনার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার ১৪ বছর পূর্ণ হল ৫ জুলাই। ২০১২ সালের এই দিনেই স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙা স্টেশনের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে পরিবার ও সুটিয়া প্রতিবাদী মঞ্চ। বাম আমলে আলোড়ন ফেলা সুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী ছিলেন বরুণ বিশ্বাস। তাঁর হত্যাকাণ্ডের তদন্তে দীর্ঘদিনেও প্রকৃত সত্য সামনে আসেনি বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে তদন্তের দাবি জোরালো হয়েছে। রবিবার বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুটিয়ায় মিছিল, শোকসভা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করা হয়। বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন এলাকায় তাঁকে স্মরণ করে ফ্লেক্সও টাঙানো হয়।
সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্য প্রমাণন্দ কবিরাজ বলেন, “এত বছর পরও প্রকৃত দোষীরা শাস্তি পায়নি। আমরা চাই নতুন করে নিরপেক্ষ তদন্ত হোক এবং সমস্ত সত্য সামনে আসুক।”
প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, “রাজ্যে নতুন সরকার এসেছে। বিভিন্ন ঘটনার পুর্নতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরাও আশা করছি, বরুণ বিশ্বাস হত্যা মামলাতেও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে।”
বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাস জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুনর্তদন্তের আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এসআইটি গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, বরুণের দাদা অসিত বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবাদী মঞ্চের উদ্যোগে স্থাপিত আবক্ষ মূর্তিটি বরুণের প্রকৃত অবয়বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ১৪ বছর পরও বরুণ বিশ্বাস হত্যা মামলার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় সুটিয়ার মানুষের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

