ধোপে টিকলো না তৃণমূলের আর্জি, পিছোবে না ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ২৩ নভেম্বর: ধোপে টিকলো না তৃণমূলের আর্জি। পুরভোট পিছোবে না আগরতলায়। আগামী ২৫ নভেম্বর সেখানে পুরভোট হবে। তৃণমূল কংগ্রেসের তরফে দায়ের করা মামলায় এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিপি আইজিপিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও ও বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের হয়ে আইনজীবী জয়দীপ গুপ্তা সমস্ত হামলার তালিকা তুলে ধরেন। ত্রিপুরা সরকারের আইনজীবী মহেশ জেঠমালানির কাছে বিচারপতিরা ভোট সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে জানতে চান। নির্বাচনের দিন, গণনার দিন ও নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান বিচারকরা, কারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে? কত আধাসেনা এসেছে? কেমনভাবে মোতায়েন হয়েছে আধাসেনা? সংবেদনশীল এলাকায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে ত্রিপুরা সরকারের কাছে জানতে চান বিচারপতিরা।

ত্রিপুরা সরকারের তরফে আইনজীবী কোথায় কত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে তা আদালতে জানান। তারপরই আদালত নির্দেশ দেয় বুধবার ডিজিপি আইজিপিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করতে হবে। নির্বাচন এবং গণনা যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেদিকে ডিজেপি ও আইজিপিকে নজর রাখতে হবে।

মঙ্গলবার শুনানিতে ত্রিপুরার পুরো ভোট পেছানোর দাবি করেছিল তৃণমূল। তাদের বক্তব্য ছিল, ত্রিপুরায় এই মুহূর্তে ভোট করার মতো পরিবেশ নেই। এর বিরোধিতা করে ত্রিপুরা সরকারের আইনজীবী মহেশ জেঠমালানি পাল্টা দাবি করেন, সরকারের তরফে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে।

এরপরই তৃণমূলের আর্জি খারিজ করে পূর্ব নির্ধারিত দিনে অর্থাৎ ২৫ নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরার পুরো ভোট করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *