আমাদের ভারত, ২৩ নভেম্বর: মঙ্গলবার উত্তরপ্রদেশের কানপুরের এক সভা থেকে যোগী আদিত্যনাথের স্পষ্ট হুঁশিয়ারি’সিএএ এবং এনআরসি’ প্রত্যাহারের নামে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হয়, সেটা তাঁর সরকার জানে। প্রয়োজন দাঙ্গাকারীদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে সরকার, বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সিএএ-এনআরসি প্রত্যাহার না করলে আবারও একটা শাহিনবাগ হবে। সাধারণ মানুষ রাস্তায় নামবে। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির এই হুমকির পাল্টা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মিম প্রধানের এই মন্তব্যের পর সরব হয়েছেন আদিত্যনাথ। কানপুরের সভায় তিনি বলেন, ওয়েসি এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। এই ধরনের চেষ্টাকে কড়া হাতে মোকাবিলা করা হবে। তার পরিষ্কার হুঁশিয়ারি, “এইভাবে যেই নেতা মানুষের ভাবাবেগ নিয়ে খেলতে চাইছে, তাকে বলতে চাই এরকম লোককে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার সরকার জানে। এখন রাজ্যের প্রতিটি মানুষ জানে, সমাজবাদী পার্টির তাস হিসেবে কাজ করছে আসাদউদ্দিন ওয়েসি। তার কাজই হলো রাজ্যের মানুষকে উস্কে বিশৃঙ্খলা তৈরি করা। এই সরকার দাঙ্গাকারীদের সমর্থন করে না বরং তাদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেয়।”
প্রসঙ্গত উল্লেখ্য রবিবার উত্তরপ্রদেশের বারাবাঁকির এক সভায় ওয়েসি বলেন, সিএএ-এনআরসি প্রত্যাহার না করলে রাস্তায় নামবে মানুষ। আবার একটা শাহিনবাগ হবে। সিএএ সংবিধানবিরোধী।
এর আগে এনআরসি ও সিএএ বাতিলের দাবিতে শাহিনবাগে আন্দোলনে নেমেছিল কয়েক হাজার মানুষ। বেশ কয়েক মাস টানা আন্দোলন চলে। পরে করোনায় লকডাউনে জমায়েত তুলে দেয় দিল্লি পুলিশ।

