Police Super, Ghatal, বন্যা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন পুলিশ সুপারের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: আসন্ন বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ঘাটালের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তাঁর সঙ্গে ছিলেন শীতল কপাট, বিডিও অভিক বিশ্বাস এবং জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় বন্যার সময় যেসব এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যেখানে যাতায়াত ও পানীয় জলের সমস্যা দেখা দেয়, সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে বন্যাকালীন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

মনসুকার ব্রিজ সংলগ্ন রাস্তার অবস্থা নিয়েও বিডিও’র সঙ্গে আলোচনা করেন এবং বন্যার সময় ওই অঞ্চলে কী ধরনের সমস্যা তৈরি হয়, সে বিষয়েও খোঁজখবর নেন।এরপর প্রশাসনিক প্রতিনিধি দল অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের পান্না গ্রামে পৌঁছায়। সেখানে ভাঙ্গা রাস্তা এবং ক্ষতিগ্রস্ত কাঠের সেতুর অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এলাকার যোগাযোগ ব্যবস্থার দূরবস্থা এবং বন্যার সময় স্থানীয় বাসিন্দাদের সমস্যার বিষয়েও তিনি অবগত হন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, বন্যার সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন আগাম প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *