পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হল। রবিবার চন্দ্রকোনা রোডস্থিত কংগ্রেস দলীয় কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট ৪২ জন কর্মী- সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানান জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি অরূপ মুখার্জি, জেলা নেতা অনিল শিকারিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। নবাগতদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা জানান, কংগ্রেসের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনমুখী রাজনীতির প্রতি আস্থা রেখেই বহু মানুষ দলে যোগদান করছেন।
জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে গড়বেতা ৩নং ব্লকে সংগঠনের শক্তি ও জনভিত্তি আরও বৃদ্ধি পাবে। আগামী দিনে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আরও জোরদারভাবে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও এই নতুন কর্মী- সমর্থকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানের শেষে নবাগত সদস্যরা কংগ্রেসের পতাকার তলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার গ্রহণ করেন। রাজনৈতিক মহলের মতে, একসঙ্গে ৪২ জনের কংগ্রেসে যোগদান গড়বেতা ৩নং ব্লকের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

