পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: বর্তমান ব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে সাইকেল চালানোর কার্যকারিতাকে সর্বসমক্ষে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আজ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের নেতৃত্বে বিদ্যাসাগর ভবনের সামনে থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই বিশেষ সাইকেল র্যালি।

অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (AIU)-এর সহযোগিতায় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় এই ‘Sundays On Cycle’ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধূলা ও নিয়মিত সাইকেল চালানোর মতো অভ্যাস অত্যন্ত জরুরি। একই সাথে এটি পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেও সাহায্য করবে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী।”

বিদ্যাসাগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ড: জয়ন্ত কিশোর নন্দী। তিনি সবুজ পতাকা নাড়িয়ে এই সাইকেল র্যালির শুভ সূচনা করেন। উদ্বোধনী ভাষণে নিবন্ধক বলেন, “আধুনিক জীবনযাত্রায় আমাদের শারীরিক নড়াচড়া অনেক কমে গেছে। নিজেকে সচল রাখতে এবং শরীরকে রোগমুক্ত রাখতে প্রতিদিন অন্তত কিছুটা সময় সাইকেল চালানোর অভ্যাস করা উচিত। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আমাদের সকলকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।”
এই অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, অধ্যাপক- অধ্যাপিকা, আধিকারিক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ১০০ জন উৎসাহী আরোহী এই সাইকেল র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিদ্যাসাগর ভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের ভেতরেই আবর্তিত হয়ে আবার বিদ্যাসাগর ভবনের সামনে এসে শেষ হয়। ক্যাম্পাস চত্বরে সাইকেল আরোহীদের এই দৃষ্টিনন্দন শোভাযাত্রা উপস্থিত সকলের মধ্যেই কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক যান্ত্রিক জীবনে শরীরকে সুস্থ, সচল ও রোগমুক্ত রাখতে নিয়মিত সাইকেল চালানো অত্যন্ত জরুরি। এই প্রয়োজনীয় সচেতনতার বার্তাটুকুই সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও শিক্ষাকর্মীরা যেভাবে আজ স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে যোগ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সকলের এই সহযোগিতাই আগামী দিনে আমাদের আরও বড় কর্মসূচির আয়োজন করতে অনুপ্রেরণা জোগাবে।”
পরিবেশ দূষণ রোধে এবং সুস্বাস্থ্যের বার্তা ছড়াতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন মেদিনীপুরের শিক্ষানুরাগী মহল।

