আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুত্র সহ তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিং’য়ের নিকট আত্মীয় সুনীল সিং। সেই সঙ্গে তৃণমূল যোগ দিলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। এই যোগদানে ভোটের আগে কার্যত জোর ধাক্কা খেল বিজেপি শিবির।
শনিবার ছিল পৌরসভা নির্বাচনের নাম প্রত্যাহারের শেষ দিন। সেই দিন সবাইকে চমক লাগিয়ে নাম প্রত্যাহার করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তার পুত্র আদিত্য সিং এবং অর্জুন সিং’য়ের ভাতুষ্পুত্র সৌরভ সিং। এরা প্রত্যেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন। সুনীল সিং হয়েছিলেন গারুলিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। আদিত্য সিং হয়েছিলেন ১২ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী। সৌরভ সিং হয়েছিলেন ভাটপাড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। আজ এই তিনজন তৃণমূল জেলা সাংগঠনিক অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।
এদিন তৃণমূলে যোগ দিয়ে সুনীল সিং সাংবাদিকদের বলেন, “আমি তৃণমূলের সব চেয়ে বড় গদ্দার ছিলাম আর আজ বিজেপি ছেড়ে তৃণমূলে এসে নিজেকে ধন্য বোধ করছি। আমি যে দুই বছর বিজেপিতে ছিলাম
শান্তিতে ঘুমাতে পারিনি। বিজেপি আমাদের মত ছেলেরা করতে পারবে না। রাজনৈতিক চাপ কিছু ছিল তাই বাধ্য হয়ে বিজেপি দল করছিলাম। আমাদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছিল না। আর কাজ ছাড়া আমি থাকতে পারছিলাম না।”
অপর দিকে এদিন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং বলেন, “বিজেপিতে কর্মী কম নেতা বেশি হয়ে গেছে। সবাই নিজেকে নেতা প্রমাণ করে। অর্জুন সিং আমার কাকা। আমি ওনার বিরুদ্ধে কোনো কিছু বলবো না তবে উনি আমাকে টিকিট পাইয়ে দেওয়ার কেউ নন আমার টিকিট দিল্লি থেকে দেওয়া হয়েছিল।” তবে এই
হেভিওয়েট বিজেপি নেতাদের এই ভাবে দলত্যাগ করে ভোটের আগে তৃণমূলে যোগ দেওয়া রাজনৈতিক ভাবে অনেকটাই পিছিয়ে দেবে বিজেপিকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

