সাথী দাস, পুরুলিয়া, ১৩ ফেব্রুয়ারি: অবৈধভাবে কাশির সিরাপ রাখার অভিযোগে গ্রেফতার হন ঝালদা পৌরসভার ১০ নং ওয়ার্ডের অল ইন্ডিয়া ঝাড়খণ্ড ইউনিয়ন(আজসু) প্রার্থী সাঞ্জু বাগদি। ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজনৈতিক মহল। পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে আজসু। আজ আজসুর সভাপতি সুদেশ মাহাতো সদলবলে ঝালদায় ওই প্রার্থীর বাড়িতে যান। সেখানে তিনি জানান, এটা শাসক দলের পরামর্শে পুলিশ ফাঁসিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায় গিয়েছে, ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঞ্জু। এবার পৌর নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ড থেকে আজসু পার্টির প্রার্থী হিসাবে সাঞ্জু বাগদিকে মনোনয়ন করেছেন। গত ১১ ফেব্রুয়ারি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তাঁর বাড়িতে। বাড়ি থেকে উদ্ধার হয় ১৮ বোতল কাশির সিরাপ, যা নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসায় জড়িত বলে জানতে পারে ঝালদা থানা। তাই বৈধ কাগজ পত্র না থাকায় তাকে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ।

