কালীঘাটে করোনা মেশিন আছে, কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী, কোভিড ইস্যুর যুক্তিতে বিজেপির মিছিল আটকানোয় কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৮ নভেম্বর: ইতিমধ্যেই পেট্রোপণ্যের দাম কমানোর লক্ষ্যে শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এরপর বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়ে দেওয়ায় সেখানে পেট্রোপণ্যের দাম বেশ খানিকটা কমেছে। কিন্তু তৃণমূল সরকার এরাজ্যে সেই কাজ করেনি। তাই এবার রাজ্য সরকারকে ভ্যাট কমাতে হবে, এই দাবি নিয়ে আজ বিজেপি পথে নামে। কিন্তু রাস্তাতেই আটকে দেওয়া হয় মিছিল। করোনা পরিস্থিতিতে বেশি জমায়েত করা যাবে না এটাই ছিল পুলিশের মিছিল আটকানোর জন্য অন্যতম যুক্তি। সেই যুক্তিকেই চুড়ান্ত কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় কালীঘাটে করোনা মেশিন আছে, কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি নাম না করেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।

বিজেপি রাজ্য দপ্তর থেকে মিছিল এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। মিছিল আটকে দেয় পুলিশ। এই মিছিলের জন্য বিজেপির কাছে কোনও অনুমতি নেই। কোভিডের কারণেই জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব না বলে জানায় পুলিশ। তারপরই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান সুকান্ত। তিনি বলেন, “যেদিন বিজেপির মিছিল থাকে সেদিনই করোনা বেরিয়ে পড়ে। গতকাল করোনা ছিল না।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূল নেতাকে শুভেচ্ছা জানাতে বাঁধভাঙা ভিড় দেখা যায় অভিষেকের বাড়ির সামনে। অভিষেক হাসিমুখে কখনো ফিল্মস্টারদের মতো হাত নেড়ে কখনও আবার নেতাদের মতো করোজোড়ে ভক্তদের অভিবাদন গ্রহণ করে। সুকান্ত মজুমদার আজ সেই দৃশ্য কার্যত মনে করিয়ে দিয়ে বলেন, “জন্মদিনে জিন্স পরে খোকাবাবু বেরিয়ে এলেন, আমরা খুব আনন্দ পেলাম। প্রচুর লোক, অথচ কারোর মুখে মাস্ক নেই। তখন করোনা ছিল না।”

আবার নাম না করে মদন মিত্রকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “একজন কালারফুল নেতা, তিনি কালারফুল পোশাক পড়ে, কালারফুল গাড়িতে রাস্তা দিয়ে গেলেন তখন করোনা ছিল না।” পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে রাস্তায় নেমেছিলেন মদন মিত্র। আজ সেই প্রতিবাদের কথাই মনে করিয়েছেন বিজেপির বালুরঘাটের সাংসদ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন, “কালীঘাটে করোনা কন্ট্রোল করার মেশিন আছে। যেদিন বিজেপি আন্দোলন থাকে সেদিন করোনা রাস্তায় ছেড়ে দেওয়া হয়।” বিজেপি নেতার অভিযোগ, “পুলিশ যেভাবে মিছিল আটকেছে তা দেখে আমি নিশ্চিত এরকম একটি মেশিন কালীঘাটে আছে। লালবাজারেও দু’চারটে এরকম মেশিন থাকতে পারে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, “আগে গুন্ডা কন্ট্রোল করতেন এবার করোনা কন্ট্রোল করছেন। আর পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, “পুলিশের এখন দুটো কাজ কালীঘাটের বাড়ি পাহারা দেওয়া ও বিজেপির মিছিল আটকানো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *