জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর: অবিলম্বে প্রাথমিকে নিয়োগের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শহরের বিভাগীয় কমিশনারেট অফিসে বিক্ষোভ দেখালেন ডিএলএড উত্তীর্ণ এবং টেট পরীক্ষায় পাশ করা চাকুরি প্রার্থীরা। বিক্ষোভের আগে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে তাদের একটি মিছিল শহর পরিক্রমা করে।
অদ্বৈত কুমার বেরা সহ বিক্ষোভরত চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পরেও পর্ষদ সভাপতি টেট পাশ চাকুরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে গড়িমশি করছেন। এখনও রাজ্যজুড়ে প্রায় সাড়ে সাত হাজার ডিএলএড উত্তীর্ণ টেট পাশ চাকুরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত। তাই চলতি নভেম্বর মাসের মধ্যে তাদের চাকরিতে নিয়োগ না করলে আগামীদিনে কলকাতায় তারা গণ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন।

