দিদি কি ঘুমাচ্ছেন? উত্তরপ্রদেশ-ত্রিপুরা গোল দিয়ে চলে গেল! পেট্রোপণ্যের ভ্যাট কমাতে মমতা সরকার বাধ্য হবে, চ্যালেঞ্জ বিজেপির

আমাদের ভারত, ৮ নভেম্বর: পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে সোমবার পথে নামে বিজেপি। মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তর থেকে সেই মিছিল এগিয়ে যাওয়ার কথা থাকলেও পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। তবে আগামী দিনে এই আন্দোলন যে বৃহৎ আকার নেবে সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার থেকে পেট্রল পাম্পগুলিতে জনসচেতনতা মূলক প্রচার চালাবে দল। প্রয়োজনে নবান্ন অভিযান করতে পারে বিজেপি। পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিল কমানোর দাবিতেও এবার পদ্ম শিবির সরব হবে জানিয়ে দিয়েছে নেতৃত্ব।

বিজেপির বক্তব্য, পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্র। এরপরে একাধিক রাজ্যও নিজেদের ভ্যাটের পরিমাণ কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ তা করেনি। পদ্ম শিবিরের দাবি, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভ্যাট কমাতেই হবে। তার প্রতিবাদেই এদিনের কর্মসূচি নেওয়া হয়েছিল। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা প্রশ্ন তোলেন, যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা বলেছেন, তিনি কেনো এখন ভ্যাটের লভ্যাংশের ছাড় দিচ্ছেন না?

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে উঠে বলেন, “দিদির যে কানে পর্দা পড়ে গিয়েছে, তা ঘন্টা বাজিয়ে খোলার জন্য আমরা একটা আন্দোলনের আয়োজন করেছিলাম। দিদিকে বলতে চাই আপনি তো চিঠি লিখে প্রধানমন্ত্রীকে পেট্রোল-ডিজেলের দাম কমানোর জন্য বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তার কর্তব্য পালন করেছেন। পেট্রোল ডিজেলের লিটার প্রতি ৫ টাকা ও ১০ টাকা কমেছে। দিদি কথায় কথায় আপনি বলেন এগিয়ে বাংলা। সে বাংলা কি এখন বসে থাকবে? দিদি আপনাকে উত্তরপ্রদেশ ত্রিপুরা গোল দিয়ে চলে গেল আর আপনি ঘুমাচ্ছেন? এদিকে আমাদের একটা ছোট আন্দোলন দু’তিনটে জেলার লোক এসেছে তাদের ঘেরাওয়ের জন্য এত পুলিশ পাঠিয়ে দিয়েছেন!”

রাজ্য পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ করে তিনি বলেন,
“পুলিশ যদি নিজের কর্তব্য পালন করত, তাহলে অন্য রাজ্য থেকে পুলিশ এসে উগ্রপন্থী ধরে নিয়ে যেত না। পুলিশ এখন দুটো কাজ করে এক কালীঘাটের বাড়ি পাহারা দেয়, আর বিজেপিকে আটকায়।” মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে বলে রাখি, যে পেট্রোল-ডিজেলের দাম নরেন্দ্র মোদী কমিয়েছেন, আপনি তা কমাতে বাধ্য হবেন। বিজেপি থামবে না”।

আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে সুকান্তবাবু বলেন, “মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে জনসচেতনতা মূলক প্রচার চালাবে বিজেপি। মানুষকে বোঝাবেন কেন্দ্রের কর কত, কেন্দ্র কতটা শুল্ক কমিয়েছে? বাংলা ২৫ শতাংশ ভ্যাট নেয়। সেখান থেকে এক পয়সা কমায়নি। এসব আমরা লিখে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বেরোবো। গ্রাহকদের কিছু বলতে হবে না ওনারা পড়েই সবটা বুঝে যাবেন।”

আজকের মিছিল আটকানোর ঘটনায় সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, “কেন্দ্র শুল্ক কমানোর পর সমস্ত রাজ্যকে ভ্যাট কমানোর আবেদন করেছে কেন্দ্র। তৃণমূল যে মানুষকে দেখানোর জন্য আন্দোলন করে সেটা বোঝা গেল। তাদের লভ্যাংশ তো কমালোই না, উল্টে আমাদের কন্ঠ প্রতিরোধের চেষ্টা করছে।”

শুভেন্দু অধিকারী বলেন,”তথাকথিত বাংলার মেয়ে এখন ঘুমাচ্ছেন। মানব-দরদি একেবারে সাধারণ লোকের কষ্টে তার চোখের জল, নাকের জল এক হয়ে যায় তার ঘুম ভাঙেনি।” রাহুল সিনহা বলেন, “আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল-ডিজেলের ছাড় দেবে না। আপনারাও তা জানেন কারণ ওনারা খেতে জানেন, দিতে কখনো জানেন না। কাটমানি নেওয়া ওদের কাজ। মানুষকে বিলিয়ে দেওয়া ওদের কাজ নয়।”

দিলীপ ঘোষ বলেন, “আমরা ভেবেছিলাম দীপাবলির আগে প্রধানমন্ত্রী মানুষকে খুশি করলেন। দিদিও সে পথেই হাঁটবে। দীপাবলি ভাইফোঁটায় তো হলো না। আশা করছি ছট পুজোর কমাবেন। লোকেরা বাইক কিনেছেন। কেন্দ্র শুল্ক কমালো। রাজ্য ভ্যাট এবার কমাক। তবে উনি কমাবেন না জানি। কাটমানি খেয়ে অভ্যস্ত। জিনিসের দাম কি আর কমাবেন? দিদির ভাইরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে নাটক করেছিলেন এখন কোথায় তারা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *