আমাদের ভারত, ১১ জানুয়ারি:করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার তাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীর এই সৌজন্যতার যেমন ধন্যবাদ জানিয়েছেন তেমনি খোঁচা দিতেও ছাড়েননি সুকান্ত মজুমদার।
রবিবার সন্ধ্যায় শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ১১টা নাগাদ ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কথা বলেন কয়েক মিনিট। রাজ্য সরকারের তরফে একটি ফলের ঝুড়িও বিজেপি রাজ্য সভাপতির কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানান সুকান্ত মজুমদার।
পরে নিজের ফেসবুক পেজ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। কিন্তু সেই ধন্যবাদ জানাতে গিয়েও মুখ্যমন্ত্রী কে খোঁচা দিতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি। নিজের ফেসবুক পেজ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আমি এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমার জন্য যে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন তা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখালে আমি আরও খুশি হতাম।”


