সংক্রমণ কম, করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় ঝালদার হাটে

সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: রাজ্য তথা জেলার নিরিখে আক্রান্তের সংখ্যা কম। আর এতেই শিথিলতা দেখা গিয়েছে পুরুলিয়ার ঝালদায়। প্রশাসনেরও ঢিলেঢালা ভাব। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে হাটে ভিড় উপচে পড়তে দেখা গেল। সামাজিক দূরত্বের বালাই নেই। মাস্ক ছাড়াই চলল বেচা কেনা।

মঙ্গলবার ঝালদা শহরে সাপ্তাহিক হাট বসে। এবারও বসেছে। করোনা আবহে হাট বসলো বিধিনিষেধকে অমান্য করেই। এই বিষয়ে ঝালদা শহরের বাসিন্দা নাড়ু দত্ত ও শ্যামল কর্মকার বলেন, “সরকার মানুষকে সচেতন করতে বার বার প্রচার করছে। অথচ, ঝালদার সাপ্তাহিক হাটের চিত্রটা একেবারে আলাদা। এখানে অনেকের মুখে মাস্ক নেই। ভিড়ে ঠাসা, সামাজিক দূরত্ব মানা হয়নি। এমন হলে তো বিপদের মুখে পড়তে হবে আমাদের। তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন কয়েক সপ্তাহ হাট বন্ধ করে দেওয়া হোক।”

হাট পরিচালনার দায়িত্বে রয়েছে স্থানীয় রাজপরিবার। যদিও এদিন হাট কর্তৃপক্ষের উদ্যোগে সচেতনতার মাইকিং প্রচার ও পোস্টার লাগানো হয়। পুলিশি টহলদারি ছিল। তবুও মানুষ অসচেতন। তাই অনেকের দাবি শুধু প্রচার করলে হবে না কড়া পদক্ষেপ নিতে হবে।

ঝালদা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান সুরেশ আগরওয়াল বলেন, “আজ থেকে প্রতিটি হাট ও বাজারে সরকারিভাবে বিধি মানার চিঠি পাঠানো হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *