রাজেন রায়, কলকাতা, ১১ জানুয়ারি: বহুদিন ধরেই বিতর্কের শীর্ষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান। সোমবারই তাঁকে বদল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবারই বিকাশ ভবন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এসএসসির নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মজুমদার।
এতদিন শুভশঙ্কর সরকার এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। এবার সেই জায়গায় এলেন সিদ্ধার্থ মজুমদার। সিদ্ধার্থ মজুমদার বলেন, “সবেমাত্র একটা নির্দেশ এসেছে আমি জেনেছি। এখনই কিছু বলার মতো জায়গায় নেই। আমি এখনও কাজে যোগ দিইনি। তবে খুব বড় দায়িত্ব।” সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সিদ্ধার্থবাবু জানান, বার বার যে সমস্ত সমস্যাগুলি নিয়ে অভিযোগ ওঠে, সেগুলি সমাধানের সবরকম চেষ্টা তিনি করবেন।
শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে পদ থেকে সরানোর বিষয়ে বিবেচনা করতে সোমবারই রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিয়োগে ত্রুটি এবং অযোগ্যতার অভিযোগের কারণে আগের চেয়ারম্যানকে নিজের পকেট থেকে কুড়ি হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছিল। এই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

