দেশে সাম্প্রদায়িক রাজনীতি উস্কে দিতে আসাদউদ্দিন ওয়াইসির থেকেও বেশি সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ সুকান্তর

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: মিশনারিজ অফ চ্যারিটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুল খবর ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগের সুরে তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক রাজনীতি উস্কে দেওয়ার জন্য আসাদউদ্দিন ওয়াইসির থেকেও বেশি সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সাম্প্রদায়িক রাজনীতি করার ক্ষেত্রে ওয়াইসির থেকেও উপরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সাংসদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মৌলানা, মুয়াজ্জিমদের টাকা দিতে শুরু করেছেন। রাজনীতিতে বিভাজন তৈরি করেছেন। এবার খ্রিষ্টান সম্প্রদায়ের ক্ষেত্রেও একই কাজ করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকারকে ধর্মীয় ইস্যু সহ সবকিছুতেই জোড় করে টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। আর সেটা যদি হয় তাতে প্রতিবেশী রাষ্ট্রগুলি সুবিধা পাবে।

প্রসঙ্গত উল্লেখ্য সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমালোচনা করে বলেছিলেন, কেন্দ্র সরকার মিশনারিজ অফ চ্যারিটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে মিশনারিজ অফ চ্যারিটি পক্ষে থেকেই অ্যাকাউন্ট ক্লোজ করার আবেদন করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছিলেন বড়দিনে কেন্দ্র সরকার মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটি সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, যা শুনে তিনি হতবাক। ২২ হাজারের বেশি রোগী ও কর্মচারীরা খাবার ও ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে যা মানবিকতার পরিপন্থী।

কিন্তু পরে মিশনারিজ অফ চ্যারিটি পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কেন্দ্রের তরফে তাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। এরপরে বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ফেক খবর ছড়ানোর অভিযোগ তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *