পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২৮ ডিসেম্বর: সুফল বাংলার স্টল খুলতে বালুরঘাটে জেলাশাসককে নিয়ে দিনভর পরিদর্শন বিপ্লব মিত্রের। ভেজাল খাবার আটকাতেই এমন প্রচেষ্টা বললেন মন্ত্রী। মঙ্গলবার জায়গা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র।
এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক আয়েশা রাণী এ’কে নিয়ে স্টল খোলার জন্য বালুরঘাট শহরের কেন্দ্রস্থলে একাধিক জায়গা পরিদর্শন করেন। বিপ্লব মিত্র জানিয়েছেন, ইতিমধ্যেই সারা রাজ্যে এধরণের মোট ৫৬ টি স্টল খোলা হয়েছে। এই সব স্টলগুলি চালু হবার ফলে ভেজাল খাবার অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। এছাড়া ভ্যানে করেও কাঁচামাল, শাকসবজি সহ একাধিক পরিষেবা চালু রয়েছে। ভ্রাম্যমান ও স্থায়ী স্টল মিলিয়ে এ রাজ্যে ইতিমধ্যেই ৩৬৩ টি স্টল চালু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলাতে এখনও এধরণের স্টল চালু হয়নি, আর যে কারণেই জোর তৎপরতা শুরু করা হয়েছে বলেও তিনি জানান।
এইসব স্টলগুলিতে একদিকে কাঁচামাল যেমন মিলবে তেমনই বিশুদ্ধ ঘি, মধু, সরষের তেল পাওয়া যাবে। সেই সমস্ত মালপত্র নায্য মূল্যেই মিলবে। তবে সবচেয়ে বড় কথা এই সব স্টলগুলিতে যে সব জিনিস মিলবে তা ভেজালহীন। ফলে রাজ্যজুড়ে চালু হওয়া সুফল বাংলার স্টলগুলিতে ইতিমধ্যেই মানুষের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই সব দিক মাথায় রেখে আগামীতে কেবলমাত্র জেলা সদর শহরগুলিতেই নয়, বিভিন্ন ব্লক শহর ও গঞ্জ শহরগুলিতেও এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। সুফল বাংলার এই স্টল চালু হলে উপকৃত হবেন এলাকার মানুষজন।

