আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনকে চুড়ান্ত কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তার প্রধানমন্ত্রী হবার প্রসঙ্গে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীর কেন্দ্রে এসে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ নিতে আহ্বান জানালেন।
সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, “পশ্চিমবঙ্গে অনেকদিন পর গতকাল রক্তহীন নির্বাচন হয়েছে। আর এই নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গবাসী এবং সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে আমরা ধন্যবাদ জানাই। যদিও এটি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ছিল। আর সেখানে তৃণমূল কংগ্রেসের একমাত্র যিনি পদাধিকারী অর্থাৎ যিনিই ওই দলে একমাত্র পোষ্টের অধিকারী তিনিই আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।”
ত্রিপুরার পর গোয়াতেও নির্বাচনে অবতীর্ণ হতে প্রস্তুতি চালাচ্ছে তৃণমূল। বার বার তৃণমূল সুপ্রিমও দেশের অন্যান্য রাজ্যে দলের বিস্তারের কথা বলছেন। যদিও বিজেপি এটাকে তৃণমূলের রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ করে। এবার শোনা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশেও তৃণমূল প্রার্থী দেবে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার তার দলের সদস্যদের সামনে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী হতে চান এবং রাজ্য অন্যান্যরা সামলে নেবেন আর গোটা দেশে তিনি বিজেপিকে উৎখাত করতে দৌড়ে বেড়াবেন। এমনটাও শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে ওনারা উত্তরপ্রদেশের প্রার্থী দেবেন। ” সুকান্ত মজুমদার বলেন, “আমরা অনুরোধ করবো মুখ্যমন্ত্রী যেনো স্বয়ং উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটে দাঁড়ান এবং সম্ভব হলে মোদীজি যে কেন্দ্র থেকে দাঁড়ান তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ান। তাহলেই উনি অনুধাবন করতে পারবেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কাকে বলে।”

