সাংগঠনিক সভায় উপস্থিত না থেকে দলকে অস্বস্তির মুখে ফেললেন পুরুলিয়া জেলার ৬ বিজেপি বিধায়ক

সাথী দাস, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: সাংগঠনিক সভায় উপস্থিত না হয়ে জেলা বিজেপিকে অস্বস্তির মুখে ফেললেন পুরুলিয়া জেলার ৬ বিধায়ক। আজ পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সভা কক্ষে জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীর পৌরহিত্যে ওই সভায় সাংগঠনিক পদাধিকারীরা সবাই থাকলেও ছিলেন না দলের টিকিটে জিতে আসা বিধায়করা।

বিজেপির বিধায়করা না থাকায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা নবেন্দু মাহালি বলেন, “এটা বিজেপির বর্তমান অবস্থা। দলটার উপর আস্থা নেই বিধায়কদের। তাই তাঁরা গুরুত্ব দেননি। রাজ্যে একই অবস্থা। এটা নতুন কিছু নয়।” এদিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন, ” দলটা সম্পর্কে তৃণমূল কিছুই জানে না। বিধায়কদের সঙ্গে কথা হয়েছে। ওদের কাজ থাকায় আসতে পারেননি। ওদের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক হবে।”

জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতো বলেন, “এই সাংগঠনিক সভায় নতুন কিছু সংগঠককে দলের কাজকর্ম সম্পর্কে অবগত করেন রাজ্য নেতারা। এছাড়াও আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় কৌশল রণনীতি ঠিক করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *