জে মাহাতো, আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে জয় জোহার মেলা ২০২২ শুরু হল কেশিয়াড়িতে। বৃহস্পতিবার ধামসা মাদল ও আদিবাসী নৃত্য সহ শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। প্রদীপ জ্বেলে মেলার সূচনা করেন বিধায়ক পরেশ মুর্মু ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। শোভাযাত্রা কেশিয়াড়ি বাজার এলাকা পরিক্রমা করার পর সিধু কানু বিরসা মুন্ডা সহ বীর শহিদদের মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক পরেশ মুর্মু সহ উপস্থিত সকলে।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে একত্রিত করে আদিবাসী সংস্কৃতির মানোন্নয়ন সহ তার ঐতিহ্যকে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানানো হয়েছে। বিধায়ক জানান, আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পশ্চিম মেদিনীপুরের ১১টি ব্লকে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। বিডিও বিপ্লব দত্ত, জয়েন্ট বিডিও প্রবীর দত্ত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা মামনী মান্ডী, কেশিয়াড়ির বিশিষ্ট সমাজসেবী ফটিকরঞ্জন পাহাড়ি সহ অনেকেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

