হাতির তান্ডবে হওয়া ক্ষতিপূরণ সহ পাঁচ দফা দাবিতে পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ কৃষক সভার সদস্যদের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব চলেছে কয়েক সপ্তাহ ধরে। নষ্ট হয়েছে জমির চাষ আবাদ। বিশেষতঃ শীতের মরশুমী চাষ ও আলু চাষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। হাতির তান্ডবে হওয়া ক্ষতি পূরণের দাবি সহ পাঁচ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার শালবনি ব্লকের পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করলেন বাম কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক সভার সদস্যরা।

আন্দোলনকারীদের বক্তব্য, চলতি মরসুমে একাধিক নিম্নচাপের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে শীতের চাষ। তার উপর বারংবার হাতির হামলায় আলু ও সবজি চাষের সর্বনাশ হয়েছে। এরজন্য ক্ষতিপূরণের দাবিতে  পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে পাঁচ দফা দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া কৃষক সভার সদস্যরা। তাঁদের মূল দাবিগুলি ছিল, অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, বন্যপ্রাণী শিকার আইন লাগু করতে হবে, অযথা বনকর্মীদের ছাঁটাই করা চলবে না।

এদিন বাম কৃষক সংগঠনের অবরোধ ও বিক্ষোভে পিড়াকাটায় রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়, যানজট সৃষ্টি হয়। পরে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *