আমাদের ভারত, ৭ নভেম্বর:
বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ই-মেইল করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, “কে দল ছাড়লো তাতে কিছু এসে যায় না।”
জয় বন্দ্যোপাধ্যায় কখনো দলের কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন, কখনো প্রশ্ন তুলেছেন দলের শীর্ষ নেতৃত্বের কৌশল নিয়ে, কখনো প্রশ্ন তুলেছেন দলবদলকারীদের নিয়ে। এবার সেই জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়া সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। তার এই দলত্যাগকে একেবারেই গুরুত্ব দিতে চাননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট করেই বলেছেন, “কে দল ছাড়লো তাতে কিছু এসে যায় না।” দলের রাজ্য সভাপতি আরোও, বলেন, “জয় বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন না তখনও বিজেপি ছিল ভবিষ্যতেও বিজেপি, বিজেপির মতই থাকবে।”
২০১৪ তে বিজেপি ক্ষমতায় আসার আগে নয়ের দশকের বাংলা ছবির এই হিরো পদ্ম শিবিরে যোগ দেন। পর পর দুটি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি বিজেপির হয়ে। কিন্তু দুবারই পরাজয়ের মুখে দেখেন তিনি।
একাধিক সময় দল পরিচালনা নিয়ে নেতৃত্বকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন জয়। শেষ পর্যন্ত বিজেপি ছাড়া সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১৭–তে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করা হলেও কিছুদিন পর তাঁকে বাদ দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয় তার কাছ থেকে।
জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৪ সালের ৬ মার্চ নরেন্দ্র মোদীকে দেখেই বিজেপিতে যোগদান করি। ২০২১ এর ৬ নভেম্বর মোদীজিকে চিঠি দিয়ে বিজেপি থেকে সরে গেলাম।এই দল মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আত্মসমালোচনা করে না। তাই বিজেপি ছাড়ছি। একই সঙ্গে তৃণমূলের যোগদানের ইঙ্গিত দিয়েছেন তিনি। তার কথায় এখন বাংলায় যে পার্টি মানুষের সঙ্গে আছে, মানুষ যে পার্টির সঙ্গে আছে, সুযোগ পেলে সেই পার্টিতে জয়েন করব।

