স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ নভেম্বর: বাড়িতে মধুচক্রের আসর বসানো নিয়ে চরম উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়। শনিবার গভীর রাতের গ্রামবাসীরা এক পুলিশ কর্মীর মোটর সাইকেল ভেঙ্গে দেয়। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীর বলে অভিযোগ। খবর পেয়ে মাঝরাতে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে ২ মহিলা ও ১ পুরুষকে গ্রেফতার করে।
শনিবার রাত ১২ টা নাগাদ রায়গঞ্জ থানার রূপাহারে বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগে মধু দুই মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় এক মহিলার বাড়িতে প্রায়দিনই মধুচক্রের আসর বসাতো। এদিন এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত মহিলার বাড়ি থেকে পাল্টা প্রতিরোধ করে এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে পুলিশ কর্মী বলে পরিচয় দিয়ে গ্রামবাসীদের হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই উত্তেজিত জনতা ওই পুলিশ কর্মীর মোটর সাইকেলে ভাঙ্গচুর করার পাশাপাশি তাকে মারধর করে বলে অভিযোগ।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ওই পুলিশ কর্মী ও দুই মহিলাকে গ্রেফতার করে। রাতে ৩ টে নাগাদ গ্রামবাসীদের সামান্য শান্ত করে সকলকে নিজেদের বাড়ি ফেরত পাঠাতে সক্ষম হলেও এখনও চাপা উত্তেজনা আছে এলাকায়। মাঝে মাঝেই চলছে পুলিশের টহলদারি।

